মারিয়া আর রিতুর নিজে নিজেদের মধ্যে বাজি ধরেছে । বাজি ধরার বিষয় ছিল তারা একজন অন্যজনের আইডি থেকে একজন আরেকজনের বয়ফ্রেন্ডকে প্রপোজ করবে। যার বয়ফ্রেন্ড প্রপোজ এক্সেপ্ট করবে সে বাজিতে হেরে যাবে৷
প্রথমে রিতু, মারিয়ার বয়ফ্রেন্ড সাহিলকে মেসেজ দিলো।
'আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু ভয়ে বলতে পারছি না।'
মেসেজটা সেন্ড করার প্রায় সাথে সাথেই মেসেজ রিকোয়েস্ট এক্সেপ্ট করে ফেলা হয়েছে। রিতু একবার মারিয়ার দিকে তাকিয়ে হেসে বলল,
-কিরে! ও নাকি নতুন কোনো মেয়ের মেসেজ রিকোয়েস্ট এক্সেপ্ট ই করে না বললি!
মারিয়া মুখ ফুলিয়ে বসে আছে। তার ইচ্ছে করছে একটা ইট সে সাহিলের মাথায় মারবে। তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে রিতু বলে উঠল,
-এই দেখ...মেসেজের রিপ্লাই এসেছে।
তারা দুইজনেই আগ্রহ নিয়ে পড়তে লাগল। সাহিল উত্তর দিয়েছে,
'হ্যাঁ, বলো। আমি কি বাঘ না ভাল্লুক যে ভয় পাচ্ছো?'
মারিয়া দাঁত কিড়মিড় করে বলল,
'অচেনা একটা মেয়েকে আবার তুমি করে বলা হচ্ছে! দেখা হোক আজকে..ওর খবর আছে।'
রিতু সাহিলের মেসেজের উত্তর দিয়ে বলল,
'আপনার কি গার্লফ্রেন্ড আছে?'
'আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথাই বলিনি।'
'ওমা! তাহলে আমার সাথে কথা বলছেন যে!'
কিছুক্ষণ অপরপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না।
রিতু টিপ্পনী কেটে বলল,
-হয়ত কী উত্তর দেবে সেটা ভাবছে।
একটু পরেই টুং করে মেসেজ আসলো।
' তোমার নাম দেখে ভালো লাগল। তাই রিপ্লাই দিলাম। তোমার নামের প্রেমে পড়ে গেছি গো।'
রিতু হাসতে লাগল। এরপর বলল,
-বাকিটা আর বলার দরকার নেই। অলরেডি হেরে বসে আছিস। নে, এবার তোর পালা।
মারিয়া মন খারাপ করে বিষন্ন মুখ নিয়ে রিতুর বয়ফ্রেন্ডকে ফেক আইডি থেকে মেসেজ দিলো ।
'আপনার সাথে একটা কথা বলার ছিলো। অনেকদিন ধরে বলব বলব করেও বলা হয় নি।'
অনেকক্ষণ পরে আহান উত্তর দিলো,
'আমার গার্লফ্রেন্ড আছে৷ আমাকে আর মেসেজ দিবেন না।'
মারিয়া অবাক হয়ে রিতুকে বলল,
-বাহ! আহান এত লয়াল!
রিতু কিছুটা ভাব দেখিয়ে বলল,
-হ্যাঁ, দেখতে হবে না চয়েজটা কার!
-হু, আর এদিকে আমার বয়ফ্রেন্ড টাকে দেখ ... অপরিচিত একটা মেয়ে প্রপোজ করার সাথে সাথেই এক্সেপ্ট করে নিয়েছে।
রিতু সহানুভূতির স্বরে বলল,
-থাক দোস্ত, মন খারাপ করিস না।
আহানকে একটা মেয়েকে এরকম মেসেজ দিয়ে প্রপোজ করতে দেখে তার বন্ধু সোহান বলল,
-বাহ, দোস্ত! তুই তো দেখছি তোর গার্লফ্রেন্ডের প্রতি খুব লয়াল।
আহান বিরসমুখে বলল,
-আর বলিস না দোস্ত! এই নিয়ে রিতু প্রায় ৭ টা ফেক আইডি খুলে আমার সাথে অন্য মেয়ে সেজে কথা বলেছে। আর প্রত্যেকবার কট খেয়েছি। এটাও নিশ্চয়ই রিতুরই কোনো ফেইক আইডি হবে৷ তাই আর রিস্ক নিলাম না।
(সমাপ্তি)
